এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের শরীফ বাড়িতে গত ৩০ এপ্রিল (শনিবার) দুপুরে বউভাত অনুষ্ঠানে খাবারের সময় মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর পক্ষ ও কনে পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোঃ জব্বার শরীফের ছেলে মোঃ আব্দুল্লাহর সাথে ৩ নং ওয়ার্ডের মোঃ আব্দুর রহিম গাজীর মেয়ে মোসাঃ মিম আক্তারের প্রায় ১০ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর মোঃ আবদুল্লাহ একটি মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে বলে কনের বাবা মোঃ আব্দুর রহিম গাজী অভিযোগ করেন। রহিম গাজী মোটর সাইকেল কিনে দিতে রাজি না হলে শুরু হয় উভয় পক্ষের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের রেশ ধরে বউকে পয়নামা দেওয়ার সময় মাত্র দুইকেজি মিষ্টি আনায় কনেপক্ষ জোর আপত্তি জানায় এবং কনের চাচা মোঃ ওয়ালীউল্লাহ গাজীর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বর মোঃ আব্দুল্লাহ ওয়ালীউল্লাহ গাজীকে দেখে নেয়ার হুমকি দেয়। পরবর্তীতে বরপক্ষ বউ উঠিয়ে নিলেও কনেপক্ষের মেহমান খাওয়াতে গড়িমসি করতে থাকে। পরবর্তীতে কনে পক্ষের অনেক অনুরোধের পরে বরপক্ষ মেয়েপক্ষের মেহমান খাওয়াতে রাজি হয়।
অনুষ্ঠানের দিন পূর্ব কথাকাটির রেশ ধরে কনেপক্ষের মেহমানদের সাথে বরপক্ষের অসৌজন্যমূলক আচরণ এবং খাবারের সময় মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল কথা কাটাকাটি এবং এক পর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে কনের চাচা গাজী ওয়ালীউল্লাহ, কনের আরেক চাচা শাহআলম গাজী, কনের ভাই মোঃ অহিদুল ইসলাম সহ আরও ২ জন মারাত্মকভাবে আহত হয়। পরে তাদেরকে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বরপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
ইউপি সদস্য মোঃ আলতাফ হোসেন ভুট্টো বলেন, গন্ডগোল শুনে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়েছি এবং উভয় পক্ষকে সরিয়ে দিয়েছি। তারা উভয়পক্ষই উশৃংখল।”
আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বলেন, “আমি এ বিষয়টা জানি। আমি উভয়পক্ষকে মিলানোর চেষ্টা করেছি কিন্তু তারা উভয়পক্ষই উশৃংখল। আমি আবারও দু-একদিনের মধ্যে উভয়পক্ষকে ডাকবো।”
এদিকে মোটর সাইকেল চাওয়া বিষয়ে বর মোঃ আব্দুল্লাহকে মুঠোফোনে কল করা হলে তিনি তা অস্বীকার করেন এবং কোনো মোটর সাইকেল চাননি বলে জানান।