• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

হাম পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

banglar anandabazar / ৩২ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬৫ জনের দেহে হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনকভাবে ১ হাজার ১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে একজন শিশুর মৃত্যু হয়েছে এবং বাকি তিনজনের মৃত্যু হয়েছে হাম সন্দেহজনক উপসর্গ নিয়ে। দেশজুড়ে চলমান এই পরিস্থিতিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৬ জন শিশু এবং সন্দেহজনক হামে মারা গেছে আরও ১৮১ জন। সব মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২১৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৪৪৩ জনে পৌঁছেছে। আর সন্দেহজনক আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০৬ জনে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য, এ সময়ে ১৫ হাজার ৩২৬ জন ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৩৯৬ জন। হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

বিশেষ করে শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বেশি থাকায় দ্রুত টিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালানো হচ্ছে। ৩০টি উপজেলা, ১৩টি পৌরসভা এবং ৪টি সিটি করপোরেশনে পরিচালিত এই কর্মসূচিতে এখন পর্যন্ত প্রায় ১৪ লাখ ৮৭ হাজার শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার বড় একটি অংশ। ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি বলে জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৬৫ জনের মধ্যে ১৪৮ জনই ঢাকা বিভাগের। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম বাড়ানো হয়েছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৮৮৮ জন হলেও পর্যাপ্ত চিকিৎসা ও পর্যবেক্ষণ ব্যবস্থা চালু রয়েছে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category