এম জাফরান হারুন, পটুয়াখালী।। পটুয়াখালীর বাউফল উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা শাখা কর্তৃক অভিযান চালানো হয়েছে। এতে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়।
বুধবার (৩রা জুলাই) বেলা এগারোটা থেকে এ অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিরাপদ খাদ্য পরিদর্শক এএমএম শাহাবুদ্দিন জানান, কালাইয়া বাজারের হেমায়েত মিয়ার মোরে অবস্থিত পলাশ কুমার সাহার লক্ষি নারায়ণ ফার্মেসী তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদউর্ত্তীর্ন ঔষধ পাওয়া যায়। তাই এই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, পরে কালাইয়া কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স জনতা স্টোরে ডিমের দাম বেশি রাখায় ও মূল্য তালিকা না থাকায় ৬ হাজার টাকা ও মেসার্স রেনুকা অয়েল মিলকে মূল্য তালিকা না থাকায় ৮ হাজার টাকা এবং থানা ব্রিজ সংলগ্ন ডিমের দোকানে ২ হাজার টাকা জরিমানা সহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাউফল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শাহ মোঃ সোয়েব মিয়া।
এবিষয়ে পটুয়াখালী জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্দেশক্রমে ভোক্তার স্বার্থে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।