নিজস্ব প্রতিবেদক।। কাঁঠালিয়া পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে ঝালকাঠির কাঁঠালিয়ায় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলার আনন্দবাজার’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় কাঁঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মকবুল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বাংলার আনন্দবাজার’ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি জনাব মো. বাদল হাওলাদার। তিনি তার বক্তব্যে বলেন:
”আমরা শুরু থেকেই শতভাগ বস্তুনিষ্ঠতার সাথে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার মাধ্যমে এই নিউজ পোর্টালটি পরিচালনা করে আসছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। সত্যের পথে আমাদের এই যাত্রা সচল রাখতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সদস্যবৃন্দ ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ। এছাড়াও অনুষ্ঠানে কাঁঠালিয়া প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, ‘গণমানুষের কথা বলে’ এই স্লোগানকে ধারণ করে বাংলার আনন্দবাজার গত পাঁচ বছরে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও তাদের স্মৃতি সংরক্ষণে পোর্টালটির ভূমিকার প্রশংসা করা হয়।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি। পরিশেষে পোর্টালটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।