ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি নলছিটিতে সুগন্ধা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে উজেলার মগড় ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঝালকাঠি বরিশাল মহাসড়কের উপর বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সদস্য শন্তু মিত্র,৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামাল খান, মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ আক্তার, মগড় ছালেহিয়া দাখিল মাদরাসার সুপার নুর আলম সিদ্দিকী,আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
ক্ষতিগ্রস্তরা জানান, দীর্ঘদিন ধরে রাতের আধারে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় সুগন্ধা নদীর পাশের এলাকায় নদীতে ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত নদী ভাঙনে ঘরবাড়ি সহ কৃষি জমি নদীগর্ভে চলে গেছে। এলাকার অসংখ্য বাড়িঘর নদী ভাঙনের হুমকিতে রয়েছে।