নিজস্ব প্রতিবেদক, কাঁঠালিয়া:ঝালকাঠির কাঁঠালিয়ায় “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)” এর অবহিতকরণ ও মতবিনিময় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ মে (রবিবার) কাঁঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ বাস্তবায়নে এ সভা সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ।
কাঁঠালিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত কুমার দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম এবং কাঁঠালিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সোহেল।
সেমিনারে মূল বিষয়ের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি বাদল হাওলাদার।
আলোচনায় বক্তারা বলেন, দেশের অবহেলিত ও প্রান্তিক পর্যায়ের পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের সঠিক ও সফল বাস্তবায়নের মাধ্যমে কাঁঠালিয়া উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সেমিনারে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।