অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মহিষকান্দি গ্রামের মোসাঃ রেণুকা বেগম (৩৫), স্বামী- মোঃ রিয়াজ তালুকদার, পৈত্রিক ও ক্রয়সূত্রে পাওয়া নিজ জমিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস ও ভোগদখল করে আসছিলেন। কিন্তু ওই সম্পত্তির ওপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় একটি পক্ষের। এরই জেরে গত ২৩ মে (২০২৬) সকালে ওহিদ হাওলাদার (৪০), জাকির হাওলাদার (৩৫) ও রুবেল হাওলাদারসহ (৩০) মোট ৯ জন নামধারী এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন ব্যক্তি বেআইনিভাবে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে।
ভুক্তভোগী রেণুকা বেগম অভিযোগে উল্লেখ করেন, বিবাদীরা জমিতে প্রবেশ করেই জোরপূর্বক সীমানা উপড়ে ফেলে এবং সেখানে থাকা মূল্যবান গাছপালা কেটে সাবাড় করতে শুরু করে। এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা ঘরবাড়ি ভাঙচুর করে জমি থেকে উচ্ছেদের চেষ্টা চালায় এবং বাধা দিলে খুন-জখম করে লাশ গুম করার হুমকি দেয়।
ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। বিবাদীদের অব্যাহত হুমকির কারণে তারা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এই বিষয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভুক্তভোগী রেণুকা বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কাঠালিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ ও হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষ এবং ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।