• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

কাঠালিয়ায় জমি দখল ও গৃহবধূকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

banglar anandabazar / ১০৭ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : কাঠালিয়ায় পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিকানাধীন জমি জোরপূর্বক দখল, গাছপালা কেটে ফেলা এবং বাধা দেওয়ায় এক গৃহবধূ ও তার পরিবারকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভোগা ভুক্তভোগী গৃহবধূ কাঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মহিষকান্দি গ্রামের মোসাঃ রেণুকা বেগম (৩৫), স্বামী- মোঃ রিয়াজ তালুকদার, পৈত্রিক ও ক্রয়সূত্রে পাওয়া নিজ জমিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস ও ভোগদখল করে আসছিলেন। কিন্তু ওই সম্পত্তির ওপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় একটি পক্ষের। এরই জেরে গত ২৩ মে (২০২৬) সকালে ওহিদ হাওলাদার (৪০), জাকির হাওলাদার (৩৫) ও রুবেল হাওলাদারসহ (৩০) মোট ৯ জন নামধারী এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন ব্যক্তি বেআইনিভাবে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে।

​ভুক্তভোগী রেণুকা বেগম অভিযোগে উল্লেখ করেন, বিবাদীরা জমিতে প্রবেশ করেই জোরপূর্বক সীমানা উপড়ে ফেলে এবং সেখানে থাকা মূল্যবান গাছপালা কেটে সাবাড় করতে শুরু করে। এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা ঘরবাড়ি ভাঙচুর করে জমি থেকে উচ্ছেদের চেষ্টা চালায় এবং বাধা দিলে খুন-জখম করে লাশ গুম করার হুমকি দেয়।

​ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। বিবাদীদের অব্যাহত হুমকির কারণে তারা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

​এই বিষয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভুক্তভোগী রেণুকা বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

​কাঠালিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ ও হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষ এবং ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category