নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা কৃষি অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক জনাব মোঃ হাসান মিয়াকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। নিজ এলাকায় দীর্ঘদিন ধরে কর্মরত থাকার সুবাদে গড়ে তোলা সিন্ডিকেট, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি এবং কর্মকর্তাদের সাথে অবাধ্য ও অসদাচরণের অভিযোগের সত্যতা মেলার পর এই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা কৃষি অফিসে বদলি করা হয়।
স্থানীয় ও বিভাগীয় দপ্তর সূত্রে জানা গেছে, মোঃ হাসান মিয়া নিজ এলাকার স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ নিয়ে দীর্ঘদিন একই কর্মস্থলে খুঁটি গেড়ে বসেন।
এই সুবাদে তিনি ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ক্রমাগত দুর্ব্যবহার করে আসছিলেন। কর্মকর্তাদের সাথে তার এমন অপেশাদার ও উগ্র আচরণের প্রেক্ষিতে সম্প্রতি একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্তে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পরেই তাকে এই শাস্তিমূলক বদলির আদেশ দেওয়া হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মচারীকে আগামী ১৮ মে ২০২৬ তারিখের মধ্যে তার দায়িত্বভার হস্তান্তর করতে হবে।
অন্যথায় ১৯ মে ২০২৬ তারিখ সকাল হতে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন।
জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।