কাঠালিয়া প্রতিনিধি : মমতাময়ী মায়ের চিরবিদায়, অন্যদিকে জন্মদাতা বাবা অন্ধকার প্রকোষ্ঠে। ভাগ্যের নির্মম পরিহাসে চরম অনিশ্চয়তায় পড়া দুই শিশু শিক্ষার্থী ফাতেমা ও মরিয়মের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘কাঠালিয়া নাগরিক ফোরাম’।
শনিবার (২৫ এপ্রিল) ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৮৬ নং বলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই দুই শিক্ষার্থীর হাতে এক বছরের শিক্ষা উপকরণ (খাতা-কলম) উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্র ও স্কুল শিক্ষকদের মাধ্যমে জানা যায়, ফাতেমা ও মরিয়ম আক্তারের মা তাদের নিজ বাবার হাতেই খুন হন। এই হত্যাকাণ্ডের পর থেকে বাবা সুমন ফকির দীর্ঘ দিন ধরে জেলহাজতে রয়েছেন। মা-বাবা থেকেও নেই—এমন এক নিদারুণ এতিম অবস্থায় শিশু দুটি বর্তমানে তাদের বৃদ্ধ নানা-নানির আশ্রয়ে রয়েছে।
সরেজমিনে জানা যায়, তাদের নানাও একজন অতি দরিদ্র দিনমজুর। এই বৃদ্ধ বয়সে নাতনিদের ভরণপোষণ এবং পড়াশোনার খরচ চালানো তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে মেধাবী এই দুই বোনের শিক্ষা জীবন যখন থমকে যাওয়ার উপক্রম, তখনই ‘কাঠালিয়া নাগরিক ফোরাম’ তাদের সহায়তায় এগিয়ে আসে।
উপকরণ বিতরণকালে ফোরামের প্রতিনিধিরা জানান, অবহেলিত ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ফাতেমা ও মরিয়মের মতো শিশুদের পড়াশোনা যাতে বন্ধ না হয়, সেজন্য আগামীতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা পর্যায়ের এই মানবিক উদ্যোগটি স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর দাবি, সমাজের বিত্তবানরা যদি এই দুই এতিম বোনের দায়িত্ব *নিতে এগিয়ে আসেন, তবেই তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।